English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ১৮:২৯

২৬ জানুয়ারির হরতালে বিএনপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারির হরতালে বিএনপির সমর্থন

ঢাকা: রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ডাকা আগামী ২৬ জানুয়ারির অর্ধদিবস হরতাল ও ধর্মঘটে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি।

রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে একথা জানান।

রিজভী জানান, দেশের পক্ষে মানুষের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সরকার সরে না আসায় তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি যে হরতাল ও সর্বাত্মক ধর্মঘট ডেকেছে বিএনপির পক্ষ থেকে সেই হরতাল ও ধর্মঘটকে আমরা সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি।

তিনি আরো বলেন, ‘অগণতান্ত্রিক তাবেদার শক্তি শুধুমাত্র প্রভুদের মন রক্ষায় রামপাল প্রকল্প বাস্তবায়ন করতে গেলে স্লোগানে মিছিলে উদ্বেল হয়ে সকল বাধা অতিক্রম করে দেশপ্রেমিক জনগণ আর একটি মুক্তযুদ্ধ শুরু করবে।’

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে রামপাল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য দিয়েছেন তা সঠিক নয় বলেও দাবি করেন রিজভী।

গত বছরের ২৬ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক মহাসমাবেশে ২৬ জানুয়ারি রাজধানীতে অর্ধদিবস হরতাল ও সর্বাত্মক ধর্মঘট পালনের এ ঘোষণা দেয়া হয়।