English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১২:৩৪

আ.লীগের নেতাদের আরো ৫টি টিভি চ্যানেলের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
আ.লীগের নেতাদের আরো ৫টি টিভি চ্যানেলের অনুমোদন

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতাদের নামে আরো পাঁচটি নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার। এই নিয়ে অনুমতিপ্রাপ্ত চ্যানেলের সংখ্যা দাঁড়াল ৪৩ এ।

চ্যানেলপ্রাপ্তদের তালিকায় একজন মন্ত্রী, একজন সাংসদসহ সরকারঘনিষ্ঠ ব্যক্তিরা আছেন। 

পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদন পাওয়া চ্যানেলগুলো হলো- নোয়াখালী-৩ আসনের সাংসদ মো. মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হকের আমার টিভি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের খেলা টিভি।  বাকি দুটি চ্যানেলের অনুমোদন দেওয়া হলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি। এই দুটির মালিকই দুজন সাংবাদিক।

উল্লেখ্য দেশে ইতোমধ্যে ২৬টি চালু রয়েছে। তবে আরো দু-তিনটি চ্যানেল অনুমোদনের অপেক্ষায় আছে।

নতুন এই চ্যানেলগুলোর অনুমোদন পাওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সরকার এগুলোর অনুমোদন দেওয়া যৌক্তিক মনে করেছে।’

পর্যালোচনা করে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে মোট ৩৩টি চ্যানেলের অনুমোদন দেওয়া হলো। এর আগে ২০০৫ ও ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ১০টি টিভি চ্যানেলের লাইসেন্স দেয়। 

নতুন টিভি চ্যানেলের অনুমোদন প্রসঙ্গে একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল বাবু বলেন, এমনিতেই যে ২৬টি চ্যানেল চালু আছে, সেগুলোর মধ্যে ৫টি লাভে আছে, বাকিগুলো জোড়াতালি দিয়ে চলছে। এর মধ্যে আরও চ্যানেল দেওয়া হলে নিজে মরা ও অন্যকে মারার মতো অবস্থা। 

এ প্রসঙ্গে চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বলেন, দেশে বিজ্ঞাপন ও দর্শকের বাজার সীমিত। এটা শিগগিরই বাড়ার সম্ভাবনা নেই। এ ছাড়া আছে বাইরের আগ্রাসন। এমতাবস্থায় দেশি চ্যানেলগুলো দুর্বল হবে, হুমকি ও চাপের মুখে থাকবে।