‘১২৯টি জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক বিএনপি’
খুলনা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি সরকার আমলে ১২৯টি মৌলবাদী জঙ্গি সংগঠনের উত্থান হয়েছিল। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ওই সব সংগঠনগুলো জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছে।
বৃহস্পতিবার খুলনা বিভাগের বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। নগরীর একটি ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের রাজনীতিতে এ ধরনের সভা এই প্রথম। এর পর পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিধির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি সরকার আমলে ১২৯টি মৌলবাদী জঙ্গি সংগঠনের উত্থান হয়েছিল। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ওই সব সংগঠনগুলো জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছে। উন্নয়নের কোন কাজ তারা দেশের জন্য করেনি। আর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে তখন তাদের গাত্র দাহ হচ্ছে। তারা দেশকে নিয়ে শঙ্কা প্রকাশ করতেও দ্বিধাবোধ করছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এস এম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন রশীদ, মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি, নগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি, খুলনা বিভাগের সংসদ সদস্যরা, খুলনা বিভাগের বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


