English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১৪:২৩

কাদের সিদ্দিকীর সব চেষ্টা ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক
কাদের সিদ্দিকীর সব চেষ্টা ব্যর্থ

ঢাকা: টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেয়া রায় বহাল রয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) কাদের সিদ্দিকীর করা আপিল আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।

এর আগে গত বছরের ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাই কোর্ট। ওই রায়ের বিরুদ্ধে ৭ ফেব্রুয়ারি আপিল করেন তিনি। 

প্রসঙ্গত, হজ ও তাবলীগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সাবেক বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকীকে খোয়াতে হয় মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ। প্রথমে সংসদ থেকে পদত্যাগ করতে না চাইলেও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে ভাষণ দিয়ে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী। এর পর আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

পরে নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এর পর গত বছরের ১৬ অক্টোবর এ দুই নেতা নির্বাচন কমিশনে আপিল করেন। ওই বছরের ১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দেন। এ খারিজাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০ অক্টোবর হাই কোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।

গত বছরের ৪ ফেব্রুয়ারি হাই কোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই বৈধতা দিলে তার নির্বাচনে লড়ার চেষ্টা ব‌্যর্থ হয়ে যায়।

নির্বাচন করতে না পারলেও হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন কাদের সিদ্দিকী। গতবছর ১৫ মার্চ আপিল বিভাগ তাকে আপিলের অনুমতি দেয়।

আজ এই রায়ের মধ্যদিয়ে নির্বাচনে অংশগ্রহণে কাদের সিদ্দিকীর সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো।