খালেদা জিয়াকে যুবদলের নতুন নেতৃবৃন্দের শুভেচ্ছা
ঢাকা: সদ্যঘোষিত জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গতকাল সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে আগামী তিন বছরের জন্য যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমিটিতে সভাপতি সাইফুল আলম নিরব এবং সুলতান সালাহ উদ্দিন টুকুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।
একই সময়ে খালেদা জিয়ার নির্দেশে যুবদল ঢাকা মহানগর উত্তর ৫ সদস্য বিশিষ্ট ও দক্ষিণ ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন করা হয়েছে। এই আংশিক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নিদের্শনা দেয়া হয়েছে।
ঘোষিত আংশিক কমিটিতে ঢাকা মহানগর (উত্তর) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফউদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল প্রমুখ।
এদিকে ঘোষিত আংশিক কমিটিতে ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি হিসেবে রফিকুল ইসলাম মজনু, সিনিয়র সহ সভাপতি শরিফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোওলা শাহীন, যুগ্ম সাধারণ সাঈদ হাসান মিন্টু, আর টি মামুন, আনন্দ শাহ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন খান শাহীন প্রমুকের নাম উল্লেখ করা হয়েছে।


