English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ২৩:৩৬

‘ভিন্ন কৌশলে বিএনপি রাস্তায় নামবে’

নিজস্ব প্রতিবেদক
‘ভিন্ন কৌশলে বিএনপি রাস্তায় নামবে’

ঢাকা: গণতান্ত্রিক পন্থায় জনগণের অধিকার আদায় না হলে ভিন্ন কৌশলে বিএনপির রাস্তায় নামবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি এখন রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানান দলটির এই নীতি নির্ধারক।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

‘বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সার্চ কমিটি গঠনের পরই দেখা যাবে রাষ্ট্রপতি কার কথামতো কাজ করেছেন। উনি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন না ঘটিয়ে যদি আওয়ামী লীগের মতের প্রতিফলন ঘটান, তাহলে জনগণ আবার রাজপথে নামবে। 

গণতান্ত্রিক পন্থায় জনগণের অধিকার আদায় না হলে ভিন্ন কৌশলে বিএনপির রাস্তায় নামবে বলেও জানান খন্দকার মোশাররফ।

তিনি আরো বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে আপনারা আমাদের ভুল বুঝবেন না। বিএনপি গণতান্ত্রিক দল। তবে গণতান্ত্রিকভাবে সমাধান না হলে জনগণের দাবি আদায়ের জন্য আমাদের কৌশল ভিন্ন হতে পারে। আমরা থেমে থাকবো না।’

নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার রায় প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন,  ঘটনা এমন আকার ধারণ করেছিল যে, সরকার ঘটনাটি ধামাচাপা দিতে পারেনি। তাই এমন রায় দিয়েছে।

আয়োজক সংগঠনের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব নেতা প্রফেসর ডা. আব্দুর মান্নান মিয়া, ডা. মো. আতিকুর রহমান, এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।