English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ১৮:৫৫

‘এইচআরডব্লিউ ভাড়াটে সংগঠন’

নিজস্ব প্রতিবেদক
‘এইচআরডব্লিউ ভাড়াটে সংগঠন’

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচকে ভাড়াটে সংগঠন হিসেবে আখ্যা দিয়ে এর প্রতিবেদন প্রত্যাখান করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি অভিযোগ করেন এ সংগঠনটি অর্থের বিনিময়ে প্রতিবেদন তৈরি করে। জামায়াতের লবিস্ট ফার্মের মাধ্যমে এ সংগঠনটি অর্থ পেয়ে থাকে।

তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের বিরুদ্ধে বিচার চলাকালে জামায়াতের পক্ষে কাজ করার জন্য আদালত অবমাননার দায়ে আন্তর্জাতি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাছে নি:শর্ত ক্ষমা চেয়েছিল এ সংগঠনটি।

বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান বলেন, এইচআরডব্লিউ সৌদি আরব ভিত্তিক কয়েকটি দেশ থেকে অর্থের বিনিময়ে নারীদের পর্দা প্রথার বিষয়ে মুসলিম ব্রাদার হুডের পক্ষে এবং ইরাকে মানব বিধ্বংসী গ্যাস রয়েছে বলে প্রতিবেদন দিয়েছিল। যা পরবর্তীতে মিথ্যা প্রমান হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।