English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১৭:৩৫

বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে তারা সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটতো!

নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে তারা সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটতো!

নিউজ ডেস্ক: বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে তারা গাছ পালা কেটে ফেলবে এজন্য তাদের অনুমতি দেয়া হয়নি আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির `বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার' প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

হাসান মাহমুদ বলেন, বিএনপি জনগণের কাছে এক আতঙ্কের নাম। খালেদা জিয়া ১শ’ দিন মানুষকে অবরুদ্ধ করে রেখেছিলেন। তাদের হাত থেকে মানুষসহ জীবজন্তু এমনকি গাছ পালাও রক্ষা পায়নি। তিন বছর ধরে নির্বাচন প্রতিহতের নামে তারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিলো জনগণ তা প্রতিহত করেছে।

তিনি বলেন, বিএনপি সমাবেশের অনুমতি চেয়েছিলো। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আগে থেকে তথ্য ছিলো তারা (বিএনপি) সোহরাওয়ার্দী উদ্যানে নাশকতা করবে এবং গাছ পালা কেটে ফেলবে। এজন্য তাদের অনুমতি দেয়া হয়নি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ২০১৯ সালে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে আপনারা তার জন্য প্রস্তুতি নিন। আপনার অতীতে অনেক মানুষকে পুড়িয়ে মেরেছেন, মানুষের উপরে নির্যাতন করেছেন। এখন তার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

হাছান মাহমুদ বলেন, দেশে গত ৩ বছরে প্রত্যাশার চেয়ে অনেক বেশী উন্নতি হয়েছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সমগ্র পৃথিবী আমাদের উন্নয়নের প্রশংসা করছে। কিন্তু এতসব উন্নয়ন একটি দলের চোখে পড়েনা। তারা আমাদের উন্নয়ন দেখে ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এমএ করিম, মিনহাজ উদ্দিন মিন্টু, নওসের আলী প্রমুখ।