English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ০৯:৩৮

দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন খালেদা

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন খালেদা

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বেগম জিয়া আজ বেলা ১১টায় আদালতে উপস্থিত হবেন। তার আইনজীবী এ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।    ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষীর জেরার দিন ধার্য রয়েছে। এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে।   জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এজাহার থেকে জানা যায়,  ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।    এই মামলার বাকি আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।