English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১৩:২৪

এরশাদকে ‘রাজাকার’ বলে সম্বোধন রিজভীর!

নিজস্ব প্রতিবেদক
এরশাদকে ‘রাজাকার’ বলে সম্বোধন রিজভীর!

ঢাকা: সাবেক স্বৈরশাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান এএইচএম এরশাদকে ‘রাজাকার’ বলে সম্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। 

বুধবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বরিশালে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কর্মসূচি পালনকালে মহিলাদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ৭ জানুয়ারি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য পুলিশের কাছে বার বার আবেদন করেছি, আমাদেরকে দেয়া হয়নি। কিন্তু সমাবেশের অনুমতি দেয়া হয়েছে এরশাদের মতো ‘রাজাকারদেরকে’। তাই ভবিষ্যতে সমাবেশ করার জন্য বিএনপি পুলিশের অনুমতির অপেক্ষা করবে না, কেড়ে নেয়া হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র নয়, বিএনপির নেতাকর্মীদের রক্ত চান মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীদের লাশ মাটিতে লুটিয়ে পড়লে শেখ হাসিনা আনন্দিত হন, উল্লাস করেন। 

বিএনপির এই নেতা বলেন, বর্তমান অবৈধ সরকারের শামনকালে প্রকৃত অপরাধীরা সব সময় প্রশ্রয় পেয়ে যাচ্ছেন। যার কারণে, তনু, মিতু, সাগর-রুনিসহ কোন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। 

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নূরজাহান ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।