English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ২২:৫৭

‘নাশকতার আশঙ্কায় বিএনপিকে অনুমতি দেয়নি ডিএমপি’

নিজস্ব প্রতিবেদক
‘নাশকতার আশঙ্কায় বিএনপিকে অনুমতি দেয়নি ডিএমপি’

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নাশকতার আশঙ্কা থেকে বিএনপিকে সমাবেশ করতে দেয়া হয়নি। 

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ পরিদর্শনে এসে সোমবার ( ৯ জানুয়ারি)  বিকালে  তিনি এ কথা বলেন। মঙ্গলবার ১০ জানুয়ারি এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ নিয়ে সরকার দ্বৈতনীতি  প্রয়োগ করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে কাদের বলেন, সমাবেশের অনুমতির বিষয়ে আমরা কিছু জানি না, এটা‍ ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশের) বিষয়।

‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ৭ জানুয়ারি সমাবেশের অনুমতি চেয়েও পায়নি বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে প্রতিবছর দশম সংসদ নির্বাচনের এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করে আসছে দলটি। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামীকালের জনসভা নিয়ে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে ঢাকা ও তার আশপাশ থেকে কয়েক লাখ মুজিবপ্রেমি লোকের স্বতঃস্ফূর্ত সমাগম হবে।