English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১৮:৪৯

‘ইসলামী ব্যাংকে কোন বিদেশির চাপে পরিবর্তন জানতে চাই’

নিজস্ব প্রতিবেদক
‘ইসলামী ব্যাংকে কোন বিদেশির চাপে পরিবর্তন জানতে চাই’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন বিদেশি ও দেশের চাপে তারা ইসলামী ব্যাংকে পরিবর্তন করেছে।আমরা জানতে চাই এটা কোন বিদেশ? কাদের চাপে ইসলামী ব্যাংকে পরির্বতন। এটা জানার অধিকার আছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে বলেন, আমি ভাল মন্দ বলতে চাই না। ইসলামী ব্যাংক এমন কি সমস্যা তৈরি করেছে যার জন্য তাদের পরিচালনা পর্ষদকে নতুন করে গঠন করতে হবে। অর্থমন্ত্রী বলেছেন বিদেশি ও দেশের চাপে তারা এমনটা করেছে। আমরা জানতে চাই এটা কোন বিদেশ? কাদের চাপে ইসলামী ব্যাংকের পরির্বতন। এটা জানার অধিকার আছে।

দেশে দুই ধরণের আইন চলছে উল্লেখ করে ফখরুল বলেন, একটি হচ্ছে আওয়ামী লীগের জন্য আরেকটি হচ্ছে রেস্ট অফ দ্যা পিপলসের জন্য। পুলিশকে দিয়ে এটা বলেই দিলেই হয় আওয়ামী লীগের একটি, অন্যদের জন্য আরেক আইন চলবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভয়টা কিসের, বিএনপির যদি এতোই দুর্বল হয় তবে কেন মিছিল মিটিং করতে দেয়া হচ্ছে না। কারণ বিএনপি যদি সত্যিকার অর্থে বেরিয়ে পড়ে তাদের সামাল দেয়া যাবে না।

বিএনপি আন্দোলনে দুর্বল হলেও সমর্থনে তাদের দুর্বল ভাবলে চলবে না আওয়ামী লীগ সাধারণ সম্পাক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমি ওবায়দুল কাদের সাহেবকে ধন্যবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আতাউর রহমান ঢালী, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।