English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ২১:১৫

‘আমরা যথেষ্ট সবল আছি’

নিজস্ব প্রতিবেদক
‘আমরা যথেষ্ট সবল আছি’

ঢাকা : ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ৭ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। ওই দিন দেশের বিভিন্ন জায়গায় কালো পতাকা মিছিলে বাধা দিয়ে হামলা চালানো হয়। এর প্রতিবাদে আজ রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল তারা। ওই কর্মসূচিতে পুলিশসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা ও বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এই অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, ‘আমরা তো শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংগ্রাম করছি। আর এই সংগ্রামে ফ্যাসিবাদের যে আচরণ তাই করছে। তারা (সরকার) তাদের গেস্টাপো বাহিনী বানিয়েছে পুলিশ-র‍্যাবকে এবং তাঁর দলীয় ক্যাডারদের বানিয়েছে। যেমন ইয়ান ট্রুপার ছিল হিটলারের। ইয়ান ট্রুপার হচ্ছে ছাত্রলীগ-যুবলীগ। এই যৌথ বাহিনীর আক্রমণ হচ্ছে নিরস্ত্র বিরোধী দলের নেতাকর্মীদের ওপর। তো এতগুলোকে মোকাবিলা করেই যখন আমরা নামছি, গুলি খাচ্ছি, গ্রেপ্তার হচ্ছি। এরপর তো আর বলার অবকাশ নেই যে দুর্বল কি না। আমরা যথেষ্ট সবল আছি। জনগণ আমাদের সাথে আছে বলেই আমরা এটি করতে পারছি।’

সরকার জনগণকে ভয় পায়, তাই বিরোধী রাজনৈতিক দলের কোনো কর্মসূচি দেখলেই আতঙ্কে থাকে বলেও এ সময় মন্তব্য করেন রিজভী আহমেদ। দেশের বিভিন্ন জায়গায় হামলায় বেশ কয়েকজন কর্মী আহত এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধী দল ও মত দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।