English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ১৫:০৬

আত্মপক্ষ সমর্থনে আরো সময় পেলেন খালেদা

নিজস্ব প্রতিবেদক
আত্মপক্ষ সমর্থনে আরো সময় পেলেন খালেদা

ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে আরো সময় পেলেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু আহমেদ জমাদ্দার এ আদেশ দেন। এ সময় আদালতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন।    এর আগে আজ সকাল ১১টার দিকে ঢাকা বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে উপস্থিত হন তিনি। 

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলা দুটির ঢাকার বক্শীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে বিশেষ এজলাসে বিচারকাজ চলছে। এই বিশেষ জজ আদালত ৩ এর বিচারক হলেন আবু আহমেদ জমাদার। 

এই মামলার অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।