এখনও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
ঢাকা : ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশের অনুমতি এখন দেয়নি পুলিশ। এই প্রসঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সরকারের উদ্দেশে বলেন, যদি দেশ পুলিশি রাষ্ট্র না হয়; তাহলে সরকার পুলিশকে সমাবেশের অনুমতি দিতে বলেন।
আজ বুধবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশ দৃশ্যমান পুলিশি রাষ্ট্র। আর যদি পুলিশি রাষ্ট্র না হয় তাহলে সরকার পুলিশকে সমাবেশের অনুমতি দিতে বলবে। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছি। কর্মসূচিকে সফল্যমণ্ডিত করতে বৃহস্পতিবার বিকেল ৩ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। এ যৌথ সভায় ঢাকা মহানগর ও ঢাকার আশপাশের জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। আওয়ামী লীগের অন্তঃকোন্দলে দেশব্যাপী খুনোখুনির ঘটনা ঘটছে। কিন্তু আওয়ামী লীগ নিজেদের অপরাধকে ঢেকে রাখার জন্য বেসামাল হয়ে বিএনপির নেতৃবৃন্দের নামে মিথ্যাচার ও দোষারোপের রাজনীতি শুরু করেছে। যার সাথে বাস্তবতার কোন মিল নাই।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান গণতন্ত্রহীন দেশে যে ভাবে নির্বাচন ব্যবস্থাকে রক্তাক্ত পন্থায় ধ্বংস করা হয়েছে। তাতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের কোন বিকল্প নাই। রাষ্ট্রপতি নিরপেক্ষ নির্বাচন কমিশনের যে উদ্যোগ নিয়েছেন সেটি আন্তরিকতার সাথে করতে পারলে বিএনপিসহ সকল জনগণ তাকে স্বাগত জানাবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।


