English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ০১:৩৩

পদ্মাসেতুর দুর্নীতির প্রমাণ দিন খালেদাকে কাদের

নিজস্ব প্রতিবেদক
পদ্মাসেতুর দুর্নীতির প্রমাণ দিন খালেদাকে কাদের

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিযোগ প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘আমি আপনাকে চ্যালেঞ্জ করছি তথ্য প্রমাণ দিয়ে পদ্মা সেতুতে দুর্নীতি প্রমাণ করুন। অন্যথায় বক্তব্য প্রত্যাহার করুন। না হলে আপনাকে মামলার সম্মুখীন হতে হবে।’

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১০ নং কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। 

১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে এ কর্মীসভার আয়োজন করে ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী সংগঠন।

রবিবার রাজধানীতে ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় খালেদা জিয়া বলেন, পদ্মাসেতু প্রকল্প আদৌ বাস্তবায়ন হবে কি না এ নিয়ে তার প্রশ্ন আছে। তিনি দাবি করেন, সরকারের লুটপাটের কারণেই এই প্রকল্পের খরচ বেড়েছে।

খালেদা জিয়ার এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার কোন হাওয়া ভবন নেই, খাওয়া ভবন নেই। এখানে কাজ হয়। যেখানে কাজ হয় সেখানে লুটপাট হয় না।’

খালেদা জিয়াকে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু আপনার কাছে স্বপ্ন হতে পারে। আমাদের স্বপ্ন পেরিয়ে দৃশ্যমান বাস্তবতা। ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই কলাম সহ দৃশ্যমান হয়ে উঠবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, ‘যার কোন কাণ্ডজ্ঞান নেই, তার কাছে দায়িত্বশীল কথা বলে কি লাভ? তবুও আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইতেন তাহলে স্বাধীন বাংলাদেশ হতো না। আর স্বাধীন বাংলাদেশ না হলে আপনিও প্রধানমন্ত্রী হতে পারতেন না।’

কাদের বলেন, ‘আগামী ১০০ দিনে আমাদের এজেন্ডা হচ্ছে দলকে গোছানো। নতুন বছরের প্রথম তিনমাস আমরা আমাদের সাংগঠনিক কর্মসূচি পালন করবো। এর সাথে রাজনৈতিক কর্মসূচিও পালন করবো।’