English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১৪:২৬

এককভাবে নির্বাচন করব ঘোষণা এরশাদের

নিজস্ব প্রতিবেদক
এককভাবে নির্বাচন করব ঘোষণা এরশাদের

ঢাকা : আর জোট নয়; এবার ৩০০ আসনে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাবার ঘোষণা দিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এরশাদ।

আজ রোববার (১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে এরশাদ এ কথা বলেন।   তিনি বলেন, ‘তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও সপ্তম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে বেশি আসন পেয়েছিল। আর অষ্টম, নবম ও এর পরের অন্যান্য নির্বাচনে জোট গঠন করে জাতীয় পার্টির ক্ষতি হয়েছে। আর ক্ষতি করতে চাই না। এবার ৩০০ আসনে এককভাবে নির্বাচন করে আমরা ক্ষমতায় যাব।’ এসময় তিনি নেতা-কর্মীদের আগামী নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।   তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা প্রাদেশিক সরকার ব্যবস্থা উপহার দেব। পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতি, বেকারত্বের অবসান, নির্বাচন পদ্ধতির সংস্কার ও একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেব।’   মহাসমাবেশে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, প্রফেসর দেলোয়ার হোসেন, এস এম ফয়সল চিশতী, এম এ সাত্তার, ইয়াহয়া চৌধুরী এমপি, সাহিদুর রহমান টেপা, মসিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, সুনীল শুভরায়, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা এমপি, তাজ রহমান, সালমা ইসলাম এমপি, আলমগীর সিকদার লোটন, অনন্যা হোসেন মৌসুমী প্রমুখ।