English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১১:০০

‘লিটন হত্যাকাণ্ডে জামায়াত-শিবির জড়িত’

নিজস্ব প্রতিবেদক
‘লিটন হত্যাকাণ্ডে জামায়াত-শিবির জড়িত’

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে জামায়াত-ছাত্রশিবিরের জঙ্গিরা হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। 

রোববার (১ জানুয়ারি) সকালে এই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল যায়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

নানক বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তারা দেশবাসীর কাছে পূর্বপরিচিত। তারা এই দেশকে একটি নৈরাজ্যকর পরিস্থিতিতে নেওয়ার জন্য যারা এই সুন্দরগঞ্জ থেকে শুরু করে, যারা সারা বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল, সেই জামায়াত-শিবির জঙ্গিগোষ্ঠী তাঁকে প্রতিমুহূর্তে আতঙ্কের মধ্যে রেখে ছিলো। তাঁকে হত্যার হুমকি দিয়েছিল। সেই গোষ্ঠীটি গতকাল এই লিটনকে নির্মমভাবে তাঁর নিজ বাড়িতে গুলিবিদ্ধ করে হত্যা করে।’

এদিকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সকাল থেকে পৌর আওয়ামী লীগের ডাকে এই হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

এদিকে লিটন হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের ডাকে আজ সুন্দরগঞ্জ শহরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান জানান, গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে সুন্দরগঞ্জসহ আশপাশের এলাকা থেকে এমপি লিটন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে।

গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিন মোটরসাইকেল আরোহী আকস্মিকভাবে বামনডাঙ্গার মাস্টারপাড়ায় এমপি লিটনের নিজ বাড়িতে ঢুকে তাদের পিস্তল থেকে লিটনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দে  পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সাড়ে ৭টার দিকে এমপি লিটনের মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান বিমল চন্দ্র রায় জানান, সংসদ সদস্য লিটনকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তাঁর শরীরে মোট পাঁচটি গুলি লেগেছে। এর মধ্যে দুটি গুলি লেগেছে বুকে আর তিনটি লেগেছে হাতে। একটি গুলি বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে।