English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৬ ১৫:০০

‘বিএনপিকে ৫ জানুয়ারি রাজপথে নামতে দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক
‘বিএনপিকে ৫ জানুয়ারি রাজপথে নামতে দেওয়া হবে না’

ঢাকা : বিএনপিকে ৫ জানুয়ারি রাজপথে কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশেকে সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এ কথা বলেন তিনি।

আগামী ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিনটিতে কালো পতাকা মিছিল করবে ওই নির্বাচন বর্জন করা বিএনপি। আর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের দিন রাখা হয়েছে ৭ জানুয়ারি।

সভায় হানিফ বলেন, “বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়না। জন্ম যাদের অবৈধ তারা সব সময় অবৈধ ভাবে ক্ষমতায় আসতে চায়। তাই তারা অসাংবিধানিক ভাবে ক্ষমতায় আসতে চায়। আমরা মনে করি ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে।”

“তাছাড়া ঐদিন যদি গণতন্ত্রের হত্যা চেষ্টা হয়ে থাকে তবে এটা করেছে বিএনপি। কারণ ঐ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা মানুষকে শান্তিতে ভোট দিতে দেয়নি। ভোট কেন্দ্র জালিয়ে দিয়েছে। প্রিসাইটিং অফিসারকে হত্যা করেছে। আমরা গণতন্ত্র রক্ষা করেছি আর বিএনপি জালাও পেড়াও এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা চেষ্টা করেছে।”

৫ জানুয়ারিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে আর বাংলার মানুষ বসে থাকবে, এটা হবে না। বাংলার জনগণ এটা মেনে নিবে না। দেশের জনগণ ৫ জানুয়ারিকে কেন্দ্র করে বিএনপিকে রাস্তায় নামতে দিবে না। বিএনপিকে এই দিবস নিয়ে কোন ধরণের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হবে না।

গতবছর নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দিলে তৈরি হয় উত্তেজনা। পুলিশ ঢাকায় ১৪৪ ধারা জারি করে সমাবেশের পথ বন্ধ করে দিলে খালেদা টানা অবরোধের ঘোষণা দেন।

এরপর তিনমাসে নজিরবিহীন সহিংসতা ও নাশকতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়, যার পেছনে বিএনপিকেই দায়ী করে আসছেন আওয়ামী লীগের নেতারা।