English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১২:৫২

আজ আরও একটি একতরফা নিবার্চন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
আজ আরও একটি একতরফা নিবার্চন হচ্ছে

ঢাকা: ‘আজ অনুষ্ঠিত হচ্ছে আরও একটি একতরফা জেলা পরিষদ নিবার্চন।সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক ও বেআইনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। 

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আজ অনুষ্ঠিত ৬১ জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আজ অনুষ্ঠিত হচ্ছে আরও একটি একতা জেলা পরিষদ নিবার্চন। সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক ও বেআইনি এ নিবার্চন জনগণের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই না। কারণ সংবিধানে পরিষ্কার বলা হয়েছে জনপ্রতিনিধি নির্বাচন হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। কিন্তু বর্তমান প্রক্রিয়ায় জেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ অবৈধ বলে এ বিষয়ে হাইকোর্টে রিট বহাল থাকলেও জনবিচ্ছিন্ন সরকার গায়ের জোরে আইয়ুবী মডেলে একটি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে।’ 

রাজধানীর আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার, হয়রানি ও নির্যাতন চলছে অভিযোগ করেন তিনি। পাশাপাশি দলের আটককৃত নেতাদের মুক্তি দাবি করেন তিনি। 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘পোশাক মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিন। শ্রমিক ছাঁটাই বন্ধ করে নিরপরাধ শ্রমিকদের কাজে যোগদানের ব্যবস্থা করেন।’ 

বর্তমান সরকার নারী ও শিশুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ নির্ভর অবৈধ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সাধারণ মানুষের নিরাপত্তা দেয়ার পরিবর্তে তাদেরকে বিরোধীদল দমনের জন্য ব্যবহার করায় নারী-শিশুদের নিরাপত্তা দিন দিন বিঘ্নিত হচ্ছে। ধর্ষণ-নির্যাতন বাড়ছে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ ও আসাদুল করিম শাহীন প্রমুখ।