English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৬ ১৭:১১

‘প্রতিহিংসায় বিশ্বাস করে না জাতীয় পার্টি’

নিজস্ব প্রতিবেদক
‘প্রতিহিংসায় বিশ্বাস করে না জাতীয় পার্টি’

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টির কোনো হিংসাত্মক রাজনীতি করে না। প্রতিহিংসা বা অরাজকতার রাজনীতি কখনো দেশ বা জনগণের জন্য মঙ্গল বয়ে আনে না। বরং এগুলো যারা করে তারা গণধিকৃত হয়। 

মঙ্গলবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সোহওয়ার্দী উদ্যানে দলের ১ জানুয়ারির মহাসমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাওলাদার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়, কিন্তু নব্বইয়ের পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে চলছে। যারা দেশের ভালো চায় না, তারা চায় এরশাদ যেন রাষ্ট্রক্ষমতায় না আসতে পারে।

তিনি আরো বলেন, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে চায়, নিরাপত্তা চায়। ভাত-কাপড়ের অধিকার চায়। কিন্তু বিগত দুই যুগ ধরে সরকারগুলো এই চাহিদা মেটাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের স্বার্থ রক্ষায় কোনো আন্দোলনে তাদের দেখা যায় না। তাই দেশবাসীকে সত্যিকারের গণতন্ত্র উপহার দিতে হলে, জানমালের নিরাপত্তা দিতে হলে এরশাদকে আবার রাষ্ট্রক্ষমতায় আনা ছাড়া আর কোনো বিকল্প নেই।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন দলের ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আমানত হেসেন, নগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল, নগর নেতা সুলতান আহমেদ সেলিম, শামসুল হক, হাজী সিরাজ, মোহম্মদ আলী, কাজী আবুল খায়ের, নজরুল সরদার, আব্দুস সাত্তার, মামুনুর রহমান প্রমুখ।