English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ১৬:০৮

‘ইউরোপ-আমেরিকার থেকে জঙ্গি দমনে এগিয়ে হাসিনা সরকার’

নিজস্ব প্রতিবেদক
‘ইউরোপ-আমেরিকার থেকে জঙ্গি দমনে এগিয়ে হাসিনা সরকার’

কুষ্টিয়া : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমনে ইউরোপ-আমেরিকার থেকেও শেখ হাসিনার সরকার এগিয়ে আছে। দেশে শান্তি প্রতিষ্ঠা হলেও আমরা কখনো স্বীকার করিনি জঙ্গি দমনের যুদ্ধ শেষ হয়েছে।

আজ রোববার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী বলেন, প্রকাশ্যে যারা অস্ত্র নিয়ে জঙ্গি উৎপাত করছে বা আক্রমণ করছে তার পেছনে যারা আছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। খালেদা জিয়া জঙ্গিদের সাথে সম্পর্ক ত্যাগ করলে আমরা জঙ্গি দমনে এগিয়ে যেতে পারতাম।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্ম্পকে ইনু বলেন, বিএনপির নেতৃবৃন্দকে স্বীকার করে নেওয়া উচিত যে তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা জঙ্গি দমনের যুদ্ধে এখনো জঙ্গির পক্ষেই আছেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতৃবৃন্দ নির্বাচনে অংশ গ্রহণ করলেও তারা জঙ্গির সর্ম্পকে সম্পর্ক ত্যাগ করেননি।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি ভেড়ামারা ডায়াবেটিক সমিতিতে বার্ষিক সাধারণ সভায় যোগ দেন।