English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩৮

‘নাসিকে বিএনপির আংশিক বিজয় হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
‘নাসিকে বিএনপির আংশিক বিজয় হয়েছে’

নারায়ণঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‌বিএনপির দীর্ঘকালের যে সংগ্রাম, বিশেষ করে অবাধ সুষ্ঠু নির্বাচনের সেই সংগ্রামের আংশিক বিজয় হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন  নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, নাসিক নির্বাচনে ভেতরে কি হয়েছে, সে বিষয়ে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমি নারায়ণগঞ্জ নির্বাচনকে ভিন্নভাবে দেখি। এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছি না। বাহ্যিকভাবে ভোট গ্রহণ পর্যন্ত সুষ্ঠু ছিল, তারপর কি হয়েছে সেটা আমরা জানি না। আমরা এই বিষয়টি আরো পরীক্ষা করছি, দলের পক্ষ থেকে তদন্ত করে বিস্তরভাবে আপনাদের (সাংবাদিকদের) জানাতে পারবো।

নারায়ণগঞ্জবাসী ভোটের মাধ্যমে বিএনপিকে জবাব দিয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কখনও জাতীয় নির্বাচন ও তার ফলাফল ধারণা করা সঠিক নয়। কারণ জাতীয় ইস্যু স্থানীয় নির্বাচনে আসে না।

তিনি বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই। মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার নেই। কোনো নির্বাচনেই মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে না।

মির্জা আলমগীর বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনের বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। তবে একটা কথা বলতে চাই, এই যে সংগ্রাম চলছে, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনবার, সেই সংগ্রামে কিছুটা হলেও সাফল্য পেয়েছি। নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু দেখাতে।

নিজদলের প্রার্থীর পরাজয়ের কারণ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা প্রার্থীর পরাজয় নয়, বরং নাসিক নির্বাচনে কি ঘটেছে তদন্ত সাপেক্ষে তা সবার সামনে তুলে ধরা হবে।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।