English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৬ ১৫:০২

‘বিএনপির অভিযোগ উদ্ভট’

নিজস্ব প্রতিবেদক
‘বিএনপির অভিযোগ উদ্ভট’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) নিয়ে বিএনপির অভিযোগ উদ্ভট ও বানোয়াট এই নির্বাচনই প্রমাণ করে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার সকালে রাজধানীর বনানীর কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই বিজয় শেখ হাসিনার উন্নয়নের বিজয়, অর্জনের বিজয় এবং সেলিনা হায়াৎ আইভীর জনপ্রিয়তার বিজয়। নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো, এটা একটা মডেল নির্বাচন। এই নির্বাচনের পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবে করতে চাই।’

পরে রাজধানীর শ্যামলীতে অপর এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে সূক্ষ্ম কারচুপির যে অভিযোগ বিএনপি তুলেছে, তা হাস্যকর। 

তিনি বলেন, এক কথায় এটি বাংলাদেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা ও শঙ্কা ছিল নির্বাচন নিয়ে। সব ধারণা পাল্টে দিয়েছে এ নির্বাচন। এমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নারায়ণগঞ্জে হয়েছে, তা অনুকরণীয় হয়ে থাকবে।