English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১১:৪৭

‘সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ বিজয়ী হবে’

নিজস্ব প্রতিবেদক
‘সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ বিজয়ী হবে’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক প্রাপ্ত তথ্য অনুযায়ী নাসিকে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে। 

বিএনপি দৃঢ়ভাবে ব্শ্বিাস করে আজকে নাসিক নির্বাচনে যেভাবে ভোট গ্রহণ চলছে, এই পরিবেশ যদি শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকে তাহলে ধানের শীষের প্রার্থী  সাখাওয়াত হোসেন খান  বিপুল ভোটে বিজয়ী হবেন। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নাসিক নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, আমরা প্রত্যাশা করি, প্রশাসন এমন কোনো আচরণ করবে না যাতে নাসিক নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। কারণ অবাধ সুষ্ঠু ভোটের যেদেশে আকাল, সেদেশে ভোটাধিকার প্রয়োগ একটি বড় ধরনের চ্যালেঞ্জ। তাছাড়া এদেশে গণতন্ত্র এখনো দুর্বল, তাই গণতন্ত্রকে সতেজ ও বলশালী করার জন্য ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত জরুরি। 

প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আবারো বলছি বিদায় বেলায় ঘুরে দাঁড়িয়ে আজকে নাসিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনকে  গ্রহণযোগ্য করে ইতিহাস হয়ে উঠুন। 

পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাচনী কর্মকর্তাদের  নিরপেক্ষতা বজায় রেখে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও আহবান জানান বিএনপির এই নেতা। 

রুহুল কবির বলেন, এখনো যারা ভোট কেন্দ্রে যাননি তাদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে গিয়ে  ভোটাধিকার প্রয়োগের আহবান জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা.দেওয়ান সালাহ উদ্দিন, আব্দুল সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম আলীম, মুনির হোসেন, নাজিম উদ্দিন আলম, ওমর ফারুক সাফিন প্রমুখ উপস্থিত ছিলেন।