English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫৬

‘প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে’

নিজস্ব প্রতিবেদক
‘প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবকে রাষ্ট্রপতি এইচ এম এ এরশাদ বলেছেন, কেউ আমার ওপর সুবিচার করেনি। সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে রাখতে রাখতে চায়। এক মাসে আগে আমার বিরুদ্ধে আবার নতুন মামলা চালু হয়েছে। প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে।’

আজ বুধবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১ জানুয়ারি মহাসমাবেশ উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এ প্রতিনিধি সভার আয়োজন করেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এম ফয়সাল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরশাদ বলেন, ২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন থেকে ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি। কোন কুল-কিনারা পায়নি। এই দু:খের দিনের অবসান ঘটাতে হবে।

এরশাদ আরো বলেন, একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দুঃখের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ দুর্বলের সঙ্গে কেউ হাত মিলায় না। ১ জানুয়ারি মহাসমাবেশে লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেলনা নয়। শক্তিশালী রাজনৈতিক দল।