English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১২:৩৮

বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা

আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া। আদালতে যাওয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী এড. সানাউল্লাহ মিয়া।

সানাউল্লাহ মিয়া জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত বক্তব্য দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে ১৫ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বেগম খালেদা জিয়াকে হাজির হতে বলেন। আদালতে হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলেও জানান আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলা তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।