English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৮

ঢাবির মুহসীন হলের ছাত্রলীগ সহসভাপতি গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
ঢাবির মুহসীন হলের ছাত্রলীগ সহসভাপতি গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল-জোবায়ের গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত ১টার দিকে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। 

তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ কর্তৃপক্ষ।

জোবায়ের হাজি মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র। তাঁর সঙ্গে থাকা বাকি দুই বন্ধু মুহসীন হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সহসভাপতি আবু সাইদ।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, রাতে চা পান করতে দুই বন্ধুকে নিয়ে বেরিয়েছিলেন জোবায়ের। পরে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে হলের দিকে যাচ্ছিলেন। দিবাগত রাত ১টার দিকে তাঁরা পলাশী এলাকার ব্যানবেইসের সামনে পৌঁছালে সাদা রঙের একটি প্রাইভেটকার তাঁদের সামনে এসে দাঁড়ায়। 

এর পর ওই গাড়ি থেকে দুজন লোক বের হয়ে জোবায়েরের পায়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পর দ্রুত পথচারী ও বন্ধুদের সহযোগিতায় জোবায়েরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের রমনা জোনের এডিসি আজিম উল হক সাংবাদিকদের জানান, ‘যে গাড়ি থেকে গুলি করা হয়েছে, তা দ্রুত শনাক্তের চেষ্টা চলছে। শহরের সকল চেকপোস্টকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কোনও তথ্য পাওয়া গেলে জানানো হবে।’