English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ০৩:২১
নির্বাচন কমিশন পুনর্গঠন

বিকালে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
বিকালে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে বিএনপি
ফাইল ছবি

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে আলোচনার জন্য আজ রোববার (১৮ ডিসেম্বর) বিকালে বঙ্গভবন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্ব দিচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

সম্ভাব্য ওই তালিকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নাম থাকতে পারে। 

বিকেল সাড়ে ৪টায় পূর্বনির্ধারিত বৈঠকের শুরুতে বেগম জিয়া তার দেওয়া ১৩ দফা প্রস্তুত রাষ্ট্রপতির কাছে উত্থাপন করবেন। সার্চ কমিটি নিয়ে দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি একটি নামের তালিকাও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন বিএনপি প্রধান। একইভাবে রাষ্ট্রপতি চাইলে ৫ সদস্যের নির্বাচন কমিশনের একটি তালিকাও দেওয়া হবে দলটির পক্ষ থেকে। 

জানা যায়, সার্চ কমিটির প্রধানের তালিকায় সাবেক তিনজন প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবেন বেগম জিয়া। এ ছাড়া এ কমিটিতে সদস্য হিসেবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, একজন সাবেক আমলা, একজন সাবেক ভিসি ও একজন নারী সদস্যের নামও রাষ্ট্রপতিকে হস্তান্তর করবেন বেগম জিয়া। সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে এ তালিকা আজ চূড়ান্ত করবেন বিএনপি প্রধান।

দেশের চলমান সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি চেয়ারপারসন একটি লিখিত বক্তৃতাও দেবেন। সেখানে রাষ্ট্রপতির মাধ্যমে রাজনৈতিক সমঝোতা চাইবেন তিনি। এ ছাড়া সংলাপকে ‘কার্যকর’ ও অর্থবহ করার অনুরোধও জানানো হবে রাষ্ট্রপতিকে। লিখিত বক্তৃতার কপি ছাড়াও নির্বাচন কমিশন নিয়োগে ১৩ দফা প্রস্তাবনা সংবলিত বইটিও রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন বেগম জিয়া। 

গত ১২ ডিসেম্বর বিএনপিসহ কয়েকটি দলকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠায় বঙ্গভবন। বঙ্গভবনে সেই আলোচনা শুরু হচ্ছে বিএনপিকে দিয়েই।

প্রথমে ১০ জনের নামের তালিকা পাঠানো হলেও পরে আরো তিনজন যোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ।তবে তাদের নাম জানা যায়নি।

একই বিষয়ে আগামী ২০ ডিসেম্বর জাতীয় পার্টি (এরশাদ), ২১ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাসদ (ইনু)’র সঙ্গে বৈঠক করবেন।