English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ২২:৩৭

ধানের শীষকে সমর্থন দিয়ে সরে গেলেন এলডিপির কামাল

নিজস্ব প্রতিবেদক
ধানের শীষকে সমর্থন দিয়ে সরে গেলেন এলডিপির কামাল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ধানের শীষ মার্কাকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) মেয়র প্রার্থী কামাল প্রধান।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। 

কামাল প্রধান বলেন, যেহেতু আমরা ২০ দলে আছি। তাই এই নির্বাচনে ২০ দলীয় প্রার্থীর ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। আমি নিজে আজ থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে কাজ শুরু করব এবং ধানের শীষের পক্ষে মানুষের কাছে ভোট প্রার্থনা করবো। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুস সালাম, এলডিপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিমসহ অনেকে।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, কামাল প্রধানের এই সিদ্ধান্তকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি।

তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্নতার সাথে দেখতে পাচ্ছি যে আমাদের দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের হয়রানিমূলক আচরণ করা হচ্ছে যা খুবই দুঃখজনক। আশা করি যদি নির্বাচন কমিশন তাদের আচরণে পরিবর্তন এনে মানুষকে ভোট দেয়ার সুযোগ করে দেন তবে আমাদের দলের প্রার্থীর বিশাল বিজয় হবে।