English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩৮

‘আমরা আর মহাজোটের সঙ্গে নেই, মন্ত্রীত্ব থাকবে’

নিজস্ব প্রতিবেদক
‘আমরা আর মহাজোটের সঙ্গে নেই, মন্ত্রীত্ব থাকবে’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমরা আর মহাজোটে নেই। আছি বিরোধী দলে। পৃথিবীর বহুদেশে বিরোধী দল থেকেও মন্ত্রী আছে। এটা দোষের কিছু নয়। জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে। সেজন্য প্রার্থী সংগ্রহের কাজ চলছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এরশাদ বলেন. আমরা প্রেস কনফারেন্স করে রূপরেখা দিয়েছি কি ধরনের নির্বাচন কমিশন হবে। এ সংক্রান্ত একটা আইন হওয়া দরকার। ভারতেও এই আইন নাই। রাষ্ট্রপতির সাথেও আমরা বসবো। টাইম ফিক্সড হয়েছে। আমরা চাই একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সাথে বসার পর যদি আমরা এ ধরনেরর কমিশন না পাই, তাহলে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে কথা বলবো।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সাধারনত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর বাইরে এ নিয়ে কোনো কিছু করারও থাকবে না। নিজের অবস্থান থেকে সরে এসে এরশাদ বলেন, আমরা মহাজোটে নেই। আছি বিরোধী দলে। পৃথিবীর বহুদেশে বিরোধী দল থেকেও মন্ত্রী আছে। এটা দোষের কিছু নয়।

এর আগে বিভিন্ন সময় এরশাদ তার বক্তব্য ও বিবৃতিতে বলেছিলেন, আমরা বিরোধী দল না কি দল তা জনগণ জানতে চায়। শীঘ্রই আমিসহ আমার দলের মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সত্যিকার অর্থে বিরোধী দল হিসেবে কাজ করবে। তিনি এজন্য পদত্যাগপত্র তৈরি করে নিজেরে টেবিলের ড্রয়ারে রেখেছিলেন বলেও সাংবাদিকদের জানিয়েছিলেন। এ বিষয়ে তার সাক্ষাতকার পত্রিকায় প্রকাশও পেয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে এখন তিনি সরে আসলেন।

সরকার মামলা দিয়ে আপনাকে কাবু করছে সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে এরশাদ বলেন, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। সে উপলক্ষে রংপুর থেকে সর্বোচ্চ পরিমাণ লোক যেতে হবে ঢাকায়। মূলতঃ এসব অনুষ্ঠানে রংপুর ও বরিশাল মহাসচিবের এলাকা থেকেই বেশি লোক আসে। এরমাধ্যমে বুঝিয়ে দিতে হবে, জাতীয় পার্টি আছে। তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে অংশ নিবে। ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। এজন্য প্রার্থী সংগ্রহ কার্যক্রম চলছে। জাতীয় পার্টি এই মুহুর্তে স্থানীয় নির্বাচন নিয়ে আর কিছু ভাবছে না। সব ভাবনাতেই এখন আছে জাতীয় নির্বাচন।

এসময় তার সঙ্গে ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আহবায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সহস্য সচিব এসএম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাফিউল ইসলাম শাফি প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এরশাদ আজ শনিবার সকালে রংপুর আসেন। সেখানে গার্ড অব অনার নেয়ার পর তিনি প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রংপুর জেলা, মহানগর, উপজেলা নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। এর আগে তিসি সার্কিট হাউজে আসলে তাকে শ্লোগান ও ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।