English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ১৮:০৪

যে বুলেটে শেখ হাসিনা এতিম, সেই বুলেটে আপনিও বিধবা

নিজস্ব প্রতিবেদক
যে বুলেটে শেখ হাসিনা এতিম, সেই বুলেটে আপনিও বিধবা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, একই বুলেট আপনাকেও বিধবা করেছে।  

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত ‘স্বাধীনতার ৪৫ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপিও স্বাধীনতাবিরোধীদের বিচার চায়, এটা এ বছরের সেরা কৌতুক। এটা দলটির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা এবং নির্মম রসিকতা।   বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আর কত মিথ্যাচার, নিষ্ঠুর তামাশা, প্রতারণা করবেন? ৫ জানুয়ারি নির্বাচনে না এসে ভুল করেছেন, সেই ভুলের খেসারত এখনো দিচ্ছেন।’ 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, একই বুলেট আপনাকেও বিধবা করেছে। আপনিও আপনার স্বামীকে হারিয়েছেন। যদি আপনার স্বামী বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত না করত, পুনর্বাসন না করত, তাহলে আরেকটা খুনি চক্র জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত বলে আমার মনে হয় না। হত্যা, হত্যাকে ডেকে আনে। রক্ত, রক্তকে ডেকে আনে। খুন, খুনকে ডেকে আনে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা করা হয়েছে করে তিনি বলেন, ‘সর্বশেষ বিমানের যে ঘটনা, এটার রহস্য উন্মোচিত হতে শুরু করেছে।এভাবে বারবার জীবনের ঝুঁকি নিয়ে বাংলার পতাকাকে ধরে আছেন।’ 

ইডেন কলেজ ছাত্রলীগের উদ্দেশে কাদের বলেন, ‘আমি সেই ছাত্রলীগকে চাই না, যারা হলের রুম ভাগাভাগি করবে, সিট ভাগাভাগি করবে। এই ছাত্রলীগের আমাদের কোনো প্রয়োজন নেই। আমি সেই ছাত্রলীগও চাই না, যারা ভর্তির সময় আধিপত্য বিস্তার করে।’  

তিনি বলেন, ‘লেখা নাই, পড়া নাই। আর নিয়মিত শিক্ষার্থী না, এ রকম কেউ যেন হলে না থাকে। তোমার সময় শেষ হলে, ক্যাম্পাস ছেড়ে দাও।’