বিএনপিকে রাষ্ট্রপতির আমন্ত্রণ, স্বাগত আওয়ামী লীগের
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিএনপিকে আমন্ত্রণ জানানোকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ সোমবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ স্বাগত জানান।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সবার সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের মাধ্যমে সুন্দর নির্বাচন কমিশন উপহার দিয়েছিলেন। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি সবার সঙ্গে আলোচনা করে গ্রহণ যোগ্য নির্বাচন কমিশন উপহার দিবেন রাষ্ট্রপতি।’
বিএনপি সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপির অভ্যাস নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে তারা ইস্যু তৈরি করতে চায়। দলটি সব সময়ই ষড়যন্ত্রে ব্যস্ত থাকে।’
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করতে পারে সন্দেহ প্রকাশ করে হানিফ বলেন, ‘তৈমুর খন্দকার এবার প্রার্থী হলেন না কেন? তিনি একটি টিভি চ্যানেলকে বলেছেন একটা কারণ আছে, সেটা বলা যাবে না। সেই কারণ হলো নির্বাচনের আগের রাতেই তাকে নির্বাচন প্রত্যাহার করতে হয়েছিল।’
‘আসলে নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নিজেদের প্রার্থীকে কোরবানী দিতে দ্বিধাবোধ করে না। এই ভয়ে এবার তৈমুর নির্বাচনে প্রার্থী হননি। আসলে বিএনপি চায় যেকোনো মূল্যে নির্বাচনকে বিতর্কিত করতে।’
নির্বাচনে সেনা মোতায়েনের বিএনপির দাবি প্রসঙ্গে হানিফ বলেন, ‘এখন পর্যন্ত নারায়ণগঞ্জে এমন কোনো পরিবেশ সৃষ্টি হয়নি যে সেখানে সেনা মোতায়েন করতে হবে।’


