English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ২০:৫৭

আইভীর পক্ষে কাজ করতে এমপি পদও ছাড়তে রাজি

নিজস্ব প্রতিবেদক
আইভীর পক্ষে কাজ করতে এমপি পদও ছাড়তে রাজি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষে প্রচারণা চালাতে প্রয়োজনে সংসদ সদস্য পদও ছাড়তে রাজি শামীম ওসমান। 

শুক্রবার বিকালে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক’-এ এক জরুরি সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘একটি পরিবারেও স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব হয়, আবার মিটে যায়। একইভাবে আমার ছোট বোন আইভীর সঙ্গে আমার যে দূরত্ব ছিল তা এখন আর নেই। নারায়ণগঞ্জ আওয়ামী লীগেও এখন কোনো বিভাজন নেই। আমার মনে যে দুঃখ, হতাশা ছিল, প্রধানমন্ত্রীর নির্দেশের পর তা আর নেই।’

  প্রসঙ্গত, বুধবার সিদ্ধিরগঞ্জে গণসংযোগকালে আইভীও সাংবাদিকদের কাছে বলেছিলেন ‘ওসমান পরিবারের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই।’    নির্বাচনী আচরণবিধি মেনে নাসিকের বাইরে করা এই সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘আইভী আমাদের প্রার্থী। ও খুব যোগ্য প্রার্থী। আগামীকাল শনিবার এখানকার আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে মাঠে নামবে। 

আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক মাতা। সংসদ সদস্য হওয়ায় আচরণবিধির কারণে আমি আইভীর পক্ষে মাঠে নামতে পারছি না। তবে আইভী যদি চান এবং আমার নেত্রী (শেখ হাসিনা) যদি নির্দেশ দেন, তাহলে প্রয়োজনে এমপি পদ থেকে পদত্যাগ করে আমি আইভীর পক্ষে প্রচারণায় নামতেও রাজি আছি। নেত্রীর জন্য আমি সব ত্যাগ স্বীকারে প্রস্তুত।’ 

এসময় তিনি এমপিদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারার বিধান পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, একজন এমপি যদি তার দলের পক্ষে মাঠে প্রচার করতে না পারেন, তাহলে সঠিক জনপ্রতিনিধি কীভাবে বের হয়ে আসবে।   তিনি বলেন, খুব ভালো পরিবেশে নাসিক নির্বাচনটা হবে। যারা বলছে নৌকা শীতলক্ষা নদীতে ডুবে যাবে-তাদেরকে বলতে চাই ২২ ডিসেম্বরে প্রমাণ হবে জনগণ তাদের সঙ্গে নেই। আওয়ামী লীগ আচরণবিধি ভঙ্গ করে না। আমরা আইন মেনে কাজ করি। এসময় তিনি ত্বকী হত্যাসহ সাতখুনেরও বিচার দাবি করেন।  শামীম ওসমান বলেন, যারা কৃষককে হত্যা করে তাদের ভোট চাওয়ার অধিকার নেই। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আর যাই করেন না কেন, নারায়ণগঞ্জে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

এদিকে শামীম ওসমানের এমন বক্তব্যের প্রতিক্রীয়ায় আইভী বলেছেন, তিনি আমার বড় ভাই, আমার জন্য তাকে এমপি পদ ছাড়তে হবে না। তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের উন্নয়নে কাজ করেন আমিও তাই করি।