English Version
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০১:১০

‘ভুলের চোরাবালিতে বিএনপি’

অনলাইন ডেস্ক
‘ভুলের চোরাবালিতে বিএনপি’

বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলনের খবর নাই। বলে এ বছর, না ওই বছর, কয় ঈদুল ফিতরের পর, কোরবানির ঈদের পর দেখতে দেখতে পাঁচ বছর। আন্দোলন হবে কোন বছর।’  

বিএনপির আন্দোলনের মরাগাঙে আর জোয়ার আসবে না বলেও মন্তব্য করেন এই ওবায়দুল কাদের।

মন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘যথাসময় শেখ হাসিনা নির্বাচন দেবেন। নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সবাই ঢাকা যাবেন। এবারের সম্মেলনে আমাদের পার্টির ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে নবীন-প্রবীণের সংমিশ্রণে শেখ হাসিনা নতুন নেতৃত্ব উপহার দিবেন।’

তরুণদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আঙ্গো কাছে খবর আছে, তোরা কিছু কিছু ইয়াবার দিকে চলি গেছত। তোরা ইয়াবা থেকে সরে আয় (নোয়াখালী আঞ্চলিক ভাষায়)। না হলে উন্নয়ন করে লাভ নেই। ইয়াবা আজকে তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম সেলিমের সভাপতিত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন ঢাকাকে পরিবর্তন করার জন্য, আমি সে দায়িত্ব পালন করছি। আমার সকল যোগ্যতা দিয়ে চেষ্টা করে যাব ঢাকাকে পরিবর্তন করার জন্য।’  

তরুণদের উদেশ্যে তিনি বলেন, ‘আমার এলাকার একসঙ্গে এত তরুণ আর পাব কিনা জানি না। তাদের জন্য আমি শুধু এটুকু বলতে চাই, তোমরা বাবা মায়ের চোখের দিকে তাকাও, ওরা তোমাদের জন্য কষ্ট করছে। এ সময় যে বাবা কষ্ট করছে, ৪ বছর পর সে বাবা তোমাকে সার্পোট দিতে পারবে না। তোমাদের দাঁড়াতে হবে। সে দাঁড়ানোর সময় এখনি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী ৪ এর সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সোনাইমুড়ী-চাটখিল আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম, বেগমগঞ্জ আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ, হাতিয়া আসনের সাংসদ আয়েশা ফেরদৌস আলী, ফেনী সদর আসনের সাংসদ নিজাম হাজারী, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. জাফর উল্লাহ, জেলা-উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।