English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২৫

হান্নান শাহর অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক
হান্নান শাহর অবস্থা স্থিতিশীল

দুইদিন ধরে গুরুতর অসুস্থতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ লাইফ সাপোর্টে আছেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এমনটা নিশ্চিত করলেও তার সার্বিক শারীরিক অবস্থা নিয়ে ৭২ ঘণ্টার আগে চিকিৎসকরা কিছু বলতে পারছেন না বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল নয়টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় হান্নান শাহকে কিছুক্ষণ পরই সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বুধবার বিকালে তার শারীরিক খোঁজখবর নিতে তার এপিএস শাহজাহান সিরাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন স্যার (হান্নান শাহ) স্ট্রোক করেছেন।তবে এখনো তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আরো একদিন না গেলে চিকিৎসকরা কিছু বলবেন না।’

তিনি জানান, ‘আগের চেয়ে উন্নতি বলতে প্রেসার এবং পালসটা ভালো আছে।’

এদিকে হান্নান শাহর পাশে সার্বক্ষণিক তার পরিবারের সদস্যরা আছেন। এছাড়াও ঢাকায় তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা এবং কাপাসিয়া গাজীপুরের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত তার খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন শাহজাহান সিরাজ। তিনি সবার কাছে হান্নান শাহর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।