English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৭

আপিলে স্থগিত মান্নার জামিন

অনলাইন ডেস্ক
আপিলে স্থগিত মান্নার জামিন

গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেওয়া জামিন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩০ অক্টোবর এ বিষয়ে আবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

গত বছরের ৫ মার্চ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়। গুলশান থানার উপ-পরিদর্শক(এসআই)শেখ সোহেল রানা বাদী হয়ে মামলা করেন।

এরপর তারা হাইকোর্টে জামিন আবেদন করেন মান্না। চলতি বছরের ২১ মার্চ আদালত শুনানি শেষে জামিন সংক্রান্ত একটি রুল জারি করেন। উক্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে ৩০ আগস্ট মান্নাকে জামিন দেন হাইকোর্ট।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।মান্না-খোকা ফোনালাপ ফাঁস হওয়ার পর গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে মাহমুদুর রহমান মান্নাকে ধানমণ্ডি থেকে গ্রেফতার করে র‌্যাব।