English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ২২:২০

আলাউদ্দিন আখঞ্জি হত্যাকাণ্ডে ইসলামিক ফ্রন্টের নিন্দা

অনলাইন ডেস্ক
আলাউদ্দিন আখঞ্জি হত্যাকাণ্ডে ইসলামিক ফ্রন্টের নিন্দা

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইউএসএতে সুন্নি আলেম আল্লামা আলাউদ্দিন আখঞ্জি হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় তীব্র নিন্দা জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী,সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইউসুফ হাসান মাহমুদী।

এসময়ে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আ.খ.ম জামাল, ঢাকা মহানগর সভাপতি ফরিদ মজুমদার ও সাধারণ সম্পাদক সামিউল শুভ সহ প্রমুখ।

প্রধান অতিথি এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় হুমকি হচ্ছে জঙ্গিবাদ। আইএস, আল কায়েদা, তালেবান, বকো হারামসহ সকল জঙ্গি গোষ্ঠী মূলত একটি মতবাদে বিশ্বাসী আর সেই মতবাদ হচ্ছে ভ্রান্ত ওহাবী মতবাদ। এই মতবাদকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য এই সকল উগ্রজঙ্গি গোষ্ঠী হত্যা করছে নিরীহ মানুষদের, বাদ যায়নি নারী,শিশুরাও এমনকি সত্যিকারে যারা ইসলাম প্রচার করছে তাঁদেরকেও আজ তারা হত্যা করছে। যেভাবে শাহাদাত বরণ করেছিলেন শহীদে মিল্লাত আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকি, পীর খিজির হায়াত খান এবং তারই ধারাবাহিকতায় ইউএসএ'র মতো রাষ্ট্রে হত্যা হল আল্লামা আলাউদ্দিন আখঞ্জি।

কেননা তাঁদের মতো সত্যিকার ইসলামপন্থিরা সবসময় এই সব উগ্রগোষ্ঠীর বিরদ্ধে কথা বলে আসছে, সংগ্রাম করে আসছে এবং জানিয়ে আসছে যে ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই।

তাই ইসলামকে বাঁচাতে হলে এই উগ্রজঙ্গিবাদকে তার মুল থেকে নির্মূল করতে হবে এবং সেই কারনে আহলে হাদীস, লা-মাযহাবী, সালাফীদের মতবাদ নিষিদ্ধ করতে হবে। এখানে আরেকটি কথা না বললেই নয়, আল্লামা আলাউদ্দিন আখঞ্জি হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা হয়েছে কিন্তু বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম প্রধান রাষ্ট্র হওয়া সত্ত্বেও ২ বছর পূর্বে আল্লামা ফারুকির হত্যাকারীকে এখনও বাংলাদেশ সরকার গ্রেফতার করতে পারেনি।

আমরা বলবো সরকার এখানে আন্তরিক নয়। তাই আবারাও বলবো,আল্লামা নুরুল ইসলাম ফারুকির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং পূর্বঘোষিত আমাদের কর্মসূচি হিসেবে আগামী ২৬আগস্ট শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আল্লামা ফারুকির হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে।