English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৫:০৫

খালেদাকে ৩১ আগস্টে আদালতে হাজির হবার নির্দেশ

অনলাইন ডেস্ক
খালেদাকে ৩১ আগস্টে আদালতে হাজির হবার নির্দেশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৩১ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ নির্দেশ দেন।

বৃহস্পতিবার মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য জেরা এবং কেসডকেট চেয়ে করা আবেদনটি হাইকোর্টের খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া।

আবেদনটি শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া আত্মপক্ষ সমর্থন পিছানোর জন্য সময়ের আবেদন করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।