English Version
আপডেট : ৫ আগস্ট, ২০১৬ ১৭:২২

ভূয়া জন্মদিন পালনকারীদের সঙ্গে জাতীয় ঐক্য নয়: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
ভূয়া জন্মদিন পালনকারীদের সঙ্গে জাতীয় ঐক্য নয়: ওবায়দুল কাদের

জাতির শোকের দিন যারা ভূয়া জন্মদিন পালন করে তাদের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমনণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শেখ কামালের ৬৮তম জন্মদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদকে যারা প্রশ্র‍য় দিয়ে এদেশে প্রতিষ্ঠিত করেছে, তারা উগ্রবাদ নিরসনের নামে ঐক্য করতে চায় এটা বড়ই হাস্যকর। আপনি যদি ঐক্য চান তাহলে শোকের মাসে ভুয়া জন্মদিন পালন বর্জন করেন।তারপর ভেবে দেখবো।’

শোকের মাসে নেতা-কর্মীদের ব্যানার পোস্টার ও বিলবোর্ড টানানোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, `শোকের মাসেও নেতা হওয়ার পলিসি করেন? ব্যানার পোস্টার দিয়ে নেতা হওয়া যায় না। এসব ব্যানার ম্লান হয়ে যাবে, ছিড়ে যাবে কিন্তু হৃদয়ে লিখুন তাহলে থেকে যাবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা ব্যানার পোস্টার দিয়ে নেতা হননি।`

ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদকে যারা প্রশ্র‍য় দিয়ে এদেশে প্রতিষ্ঠিত করেছে, তারা উগ্রবাদ নিরসনের নামে ঐক্য করতে চায় এটা বড়ই হাস্যকর। আপনি যদি ঐক্য চান তাহলে শোকের মাসে ভুয়া জন্মদিন পালন বর্জন করেন।তারপর ভেবে দেখবো।’

তিনি বলেন, ‘শেখ কামাল ছিলেন বৈচিত্র্যময় এক তরুণের নাম। তার প্রাত্যহিক রুটিন বলে দেয় কতটুকু প্রতিশ্রুতিশীল ছিলেন তিনি। সকালে খেলার মাঠে, এরপর মধুর ক্যান্টিন, ক্লাসরুম, টিএসসি, বিকেলে তার প্রতিষ্ঠিত স্পন্দন শিল্পীগোষ্ঠীতে রাতে বাসায় এভাবে তার প্রতিটা দিন কেটেছে।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারে সভাপতিত্বে পুরো আয়োজন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শেখ কামালের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে মোনাজাত হয়।