English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ২১:৩৮

জঙ্গিদের জামিন ঠেকাতে কো-অর্ডিনেশন সেল জরুরী

অনলাইন ডেস্ক
জঙ্গিদের জামিন ঠেকাতে কো-অর্ডিনেশন সেল জরুরী
জঙ্গিদের জামিন ঠেকাতে অ্যাটর্নি জেনারেল অফিস ও পাবলিক প্রসিকিউটর অফিসকে তথ্য দিতে একটি কো-অর্ডিনেশন সেল গঠনের ওপর জোর দিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
যারা জঙ্গি, কম্পিউটারে তাদের নাম থাকা উচিত। এবং সেই কম্পিউটার প্রত্যেক জেলায় যারা পিপি আছেন, তারা যাতে বোতাম টিপলেই সেসব নাম পান এরকম ব্যবস্থাও থাকা উচিত। 
 
অ্যাটর্নি জেনারেল বলেন, আমার অফিসেও এটা থাকা উচিত, যাতে করে বোতাম টিপলেই আমি কোন জেলায় সন্ত্রাসী মামলায় কে কে আছে এবং তাদের জামিন কখন হয়েছে বা তাদের জামিন আবেদন কখন করা হয়েছে, এটা জানতে পারি।
 
এ ধরনের সেল শুধু থাকলেই হবে না, তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখার কথাও বলেন অ্যাটর্নি জেনারেল। 
 
তিনি বলেন, একটা সেল থাকা দরকার। শুধুমাত্র তাদের (জঙ্গি) ব্যাপারে পর্যালোচনা করার জন্য। আর সেই সেলকে শুধু ঘরে বসে থাকলে হবে না, তাদের অনবরত যোগাযোগ করতে হবে পাবলিক প্রসিকিউটর অফিসের সাথে, অ্যাটর্নি জেনারেলের অফিসের সাথে।
 
পাশাপাশি বলেন, সবচেয়ে বড় কথা হলো ইনফরমেশন টেকনোলজিকে এখানে অ্যাপ্লিকেবল করা, যাতে জঙ্গিদের নাম ও তারা কোন থানার আসামি; এগুলো যাতে কম্পিউটারের বোতাম টিপলেই পেতে পারি। তারা কোন আদালতে কখন গিয়ে মুভ করছে সেটা নখদর্পণে রাখা, যাতে আমরা সেগুলো ঠিকমতো অপোজ করতে পারি।
 
জঙ্গি মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা নিয়েও সমালোচনা হচ্ছে। আইনের প্রক্রিয়া শেষ করে দণ্ড কার্যকর করতে গিয়েই এমনটি হচ্ছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল।