খালেদাসহ ৩৮ জনের শুনানি ১৮ সেপ্টেম্বর
যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।
আসামিপক্ষের সময়ের অবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দিন ধার্য করেন।
মামলায় খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সিনিয়ার যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ১১ জন জামিনে রয়েছেন। বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির নেতা বরকত উল্লাহ বুলু, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, সুলতান সালাউদ্দিন টুকুসহ ২২ জন পলাতক রয়েছেন।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামে এক যাত্রী।
ওই ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫ (ঘ) ধারায় দায়ের করা মামলায় পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এ ছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।
২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে বিশেষ ক্ষমতা আইন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ৮১ জনকে।


