English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৭:৩৫

‘সন্ত্রাস-উগ্রবাদ দমনে ঐক্য গঠন আহবান’

অনলাইন ডেস্ক
‘সন্ত্রাস-উগ্রবাদ দমনে ঐক্য গঠন আহবান’

সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। দেশের বিশিষ্টজনসহ সমাজের সবাইকেই নিয়েই গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

সোমবার (১৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, জাতীয় ঐক্যের আহ্বান বিএনপি অব্যাহত রাখবে। আশা করি আজ না হয় কাল এ আহ্বানে সরকার সাড়া দিবে।

শুধু মাত্র সরকার বা বিরোধীদলের ঐক্য যথেষ্ট নয়। সরকারের বিরুদ্ধে বিএনপির অনেক অভিযোগ থাকা সত্ত্বেও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকায় আমরা বারবার জাতীয় ঐক্য গঠনের কথা বলে যাব।

রোববার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে দেশে বিরাজমান সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে ‘জাতীয় ঐক্য ইতোমধ্যে হয়ে গেছে। যাদের সাথে ঐক্য প্রয়োজন তাদের সাথে ইতোমধ্যে ঐক্য হয়ে গেছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম।

তিনি আরো বলেন, জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে জাতি হতাশ এবং ক্ষুব্ধ। নির্বাচনের মাধ্যমে ৫ বার দেশ পরিচালনার দ্বায়িত্বে থাকা, দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থনধন্য বিএনপিকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব?

নজরুল ইসলাম খান বলেন, ‘এটা সরকারের দাম্ভিকতা। জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে না। তারা ভাবছে একাই পারবে কিন্তু তা সম্ভব হচ্ছে না। আগে যেখানে এক দুই জন মারা যেত এখন ২০-২২ জন মারা যাচ্ছে। দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর রোববারের (১৭ জুলাই) বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, গুলশান-শোলাকিয়ার ঘটনার বিষয়ে তারা আগেই অবগত ছিলেন। তাহলে তিনি বা তার সরকার আগে থেকেই তা প্রতিরোধের ব্যবস্থা নিলেন না কেন? আগেই তথ্য পাওয়ার পরেও যে সরকার এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিরোধে ব্যর্থ হয়, সেই সরকারের সামর্থ্য ও আশ্বাসে জনগণ কতটা নির্ভর করতে পারে এমন প্রশ্নও রাখেন নজরুল ইসলাম খান।

সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।