English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১৩:১২

জঙ্গিবাদ দমনে ঐক্য চায় না আ.লীগ

অনলাইন ডেস্ক
জঙ্গিবাদ দমনে ঐক্য চায় না আ.লীগ

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জাতীয় ঐক্য চায় না বলেই আওয়ামী লীগের এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর্মি স্টেডিয়ামে গুলাশানে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপস্থিত সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

গুলশানে সন্ত্রাসীদের হামলায় নিহতের ঘটনায় রোববার (৩ জুলাই) জঙ্গি ও সন্ত্রাস দমনে ‘কাল বিলম্ব না করে আসুন সব ভেদাভেদ ভুলে, দলমত-নির্বিশেষে সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তুলে শান্তিপূর্ণ নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি’ বিএনপি খালেদা জিয়া এমন আহ্বান জানান।

খালেদা জিয়ার এ ঐক্যের ডাকের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ২ শর্ত দিয়ে বলেছেন, ঐক্য করতে হলে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে। এবং ছাড়তে হবে জামায়াত।

আর্মি স্টেডিয়ামে গুলশানে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় সঙ্গে ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোস্তফা, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।