English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ০৩:০০

বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল জামিনে মুক্ত

অনলাইন ডেস্ক
বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল জামিনে মুক্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। জেল গেটে রফিকুল ইসলাম মিয়াকে স্বাগত জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এর আগে তার নামে থাকা সবকটি মামলায় জামিন পান ব্যারিস্টার রফিক। সেসব মামলার জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে তাকে মুক্তি দেওয়া হয়। রফিকুল ইসলাম মিয়ার মুক্তির বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। যার মধ্যে ২৩ জুন সর্বশেষ মামলায় জামিন পান তিনি। শাহ আলী থানায় দায়ের করা নাশকতার ওই মামলায় হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীন বেঞ্চ তাকে জামিন দেন। এর আগে গত ৩১ মে ও ৯ জুন আরও ১২ মামলায় তাকে জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। কয়েকটি মামলায় নিম্ন আদালত থেকেও জামিন পান তিনি। প্রসঙ্গত, গত ১৬ মে বিচারিক আদালতে জামিন চেয়ে আত্বসমর্পণ করেন বিএনপির এ সিনিয়র নেতা। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে কারাগারেই ছিলেন ব্যারিস্টার রফিকুল।