English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ২১:২৪

ব্রিটেনকে অনুসরণ করে নিরপেক্ষ নির্বাচন দিন

অনলাইন ডেস্ক
ব্রিটেনকে অনুসরণ করে নিরপেক্ষ নির্বাচন দিন

ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বাংলাদেশেও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে ঢাকা লেডিস ক্লাবে সোমবার (২৭ জুন) এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি আহ্বান জানান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে খালেদা জিয়া ইফতার মাহফিলে যোগ দেন। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এ ইফতার মাহফিলের আয়োজন করে।

শেখ হাসিনার উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগকে আমরা বলব ছাড়ুন। দেখুন বিট্রেনের দিকে। দেখে একটু শেখুন। এখনও গায়ের জোরে অবৈধভাবে ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় দখল বসে আছেন। সেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রাইমিনিস্টার। উনার গণভোটে হেরে গেছেন তাই ক্ষমতা ছেড়ে দিচ্ছেন, রিজাইন দিচ্ছেন। কাজেই তারা (আওয়ামী লীগ) বলেন আমরা তাদের ফলো করি তাদের অনুযায়ি চলি। কাজেই তাদের এই জিনিসটা দেখে অন্তত্য পক্ষে আজকে জনগণের যে চাওয়া পাওয়া, জনগণ যে আজকে চায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন।’

তিনি বলেন, ‘সেই নির্বাচনের জন ক্ষমতা ছেড়ে দিয়ে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অবাধ সুষ্ঠু নির্বাচন হউক সেই নির্বাচন যাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা তাদেরকেই মেনে নিতে রাজি আছি। আমাদেরকে নির্বাচিত করতে অন্যদেরকে সেটা মেনে নিতে হবে।’

বিএনপি প্রধান বলেন, ‘আওয়ামী লীগ করো কথার ধারধারে না এরা মনে করে জোর করে ক্ষমতায় এসেছে জোরে করেই সব কিছু চালিয়ে যাবে। গায়ের জোরে সব কিছু চলানো যায় না, হয় না।’

খালেদা জিয়ার সঙ্গে মূল মঞ্চে ইফতার মাহফিলে যোগ দেন―বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধূরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা অধ্যাপক ছদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া, কৃষিবিদ মোখলেসুর রহমান, হাসান তুহিন জাফরী, শামীমুর রহমান শামীম, শামছুল আলম তোফা প্রমুখ।