English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৫:৫০

মামলা স্থগিত চেয়ে খালেদার লিভ টু আপিল

অনলাইন ডেস্ক
মামলা স্থগিত চেয়ে খালেদার লিভ টু আপিল

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যাতে নিম্ন আদালতে বিচারাধীন এ মামলার কার্যক্রম স্থগিতের আরজি জানানো হয়েছে।

খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রোববার (২৬ জুন) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন। পরে তিনি বলেন, “লিভ টু আপিলে ওই মামলার কার্যক্রম স্থগিতের আরজি জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী  আবেদনটি শুনানির জন্য চেম্বার বিচারপতির আদালতে দাখিল করা হবে।”

খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত বছরের ১৭ সেপ্টেম্বর হাই কোর্ট খারিজ করে দেয়। পাশাপাশি মামলার কার্যক্রমে আগের স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

সে অনুযায়ী, মামলার ১১ আসামির মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নয়জনকে আগামী ২৪ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দেন ঢাকার বিশেষ জজ আদালত। ওই আদালতেই মামলাটি অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।