English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৭:১৬

‘এগুলো ঠাণ্ডা মাথার খুন’

অনলাইন ডেস্ক
‘এগুলো ঠাণ্ডা মাথার খুন’

বর্তমানের সাড়াশি অভিযান নিয়ে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এগুলোকে তারা (জনগণ) ঠাণ্ডা মাথার খুন বলেই বিশ্বাস করেন।

বুধবার (২২ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সত্যকে চেপে রেখে’ প্রকৃত অপরাধীকে ‘আড়াল করে’ ক্ষমতাসীনদের রাজনৈতিক ফায়দা লুটতে সহায়তা করতেই পুলিশ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটাচ্ছে। আইন ও জনমতের তোয়াক্কা না করে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা মানুষ হত্যার নেশায় বেপরোয়া হয়ে পড়েছে। প্রতিদিনকার এ সমস্ত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সারা জাতি যেন আতঙ্কে চমকে উঠেছে।

প্রতিদিন বন্দুকযুদ্ধের নামে এইসব হত্যাকাণ্ডে জনগণের মধ্যে দেখা দিয়েছে তীব্র সন্দেহ।’

রিজভী প্রশ্নে তোলেন, ‘জঙ্গি হোক, কিংবা অন্য কোনো অপরাধে দোষী হোক, সরকারের জিম্মায় তারা খুন হয় কীভাবে? রিমান্ড কঠোর নিরাপত্তায় বন্দিত্বের সর্বোচ্চ স্তর, সেখানে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত আসামি খুন হয় কীভাবে? যেখানে বন্দুকযুদ্ধের নামে বন্দিদের খুন করা হয় সেখানে বন্দুকের কোনো শব্দ আশেপাশের জনগণ শুনতে পায় না কেন?’

রিজভী বলেন, ‘গণতন্ত্রের জন্য কেউ যাতে আওয়াজ করতে না পারে, সেজন্য শেখ হাসিনা নিজেই জঙ্গি সৃষ্টি করে সেই জঙ্গির বিরুদ্ধে যুদ্ধের খেলা খেলতে গিয়ে অভিনব রণকৌশল আবিষ্কার করেছেন।

জঙ্গিদের দিয়ে খুনোখুনি করিয়ে দেশে একটি সাজানো অস্থিতিশীলতা বজায় রাখতে চাচ্ছেন, যাতে গণতান্ত্রিক শক্তি ধেয়ে না আসতে পারে।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ প্রমুখ।