English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ১৭:২৭

মীর কাসেম আলীর রিভিউ শুনানি ২৫ জুলাই

অনলাইন ডেস্ক
মীর কাসেম আলীর রিভিউ শুনানি ২৫ জুলাই

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মীর কাসেম আলীর আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার (২১ জুন) দুপুরে শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে সকালে রাষ্ট্রপক্ষ থেকে মীর কাসেম আলীর আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানির জন্য দ্রুত দিন ধার্য করতে আবেদন করা হয়।

মীর কাসেমের আইনজীবীরা গত ১৯ জুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন জমা দেন। ৮৬ পৃষ্ঠার আবেদনে ১৪টি যুক্তি দেখিয়ে তারা মীর কাসেমকে ফাঁসির দণ্ড থেকে অব্যাহতি চেয়ে রিভিউ আবেদনটি দাখিল করেন।

গত ৮ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ট্রাইব্যুনালে মীর কাশম আলীকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে ট্রাইব্যুনাল দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ একটি অভিযোগে এ দণ্ড বহাল রাখেন।

তার বিরুদ্ধে আনীত ১৪টি অভিযোগের মধ্যে মীর কাসেমের আপিল আংশিক মঞ্জুর করে ৪, ৬ ও ১২ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আর ২, ৩, ৭, ৯, ১০, ১১ ও ১৪ নম্বর অভিযোগে আপিল নাকচ করে ট্রাইব্যুনালের রায়ই বহাল রাখা হয়েছে।

গত ৬ জুন মীর কাসেমের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। নিয়ম অনুযায়ী এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখন ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে মৃত্যু পরোয়ানা জারি করবে ট্রাইব্যুনাল। সেই মৃত্যু পরোয়ানা মীর কাসেম আলীকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।

আইন অনুযায়ী, ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার সুযোগ ছিল তার। নির্ধারিত সময় পার হওয়ার এক দিন আগে সেই আবেদন করা হয়। রিভিউতে তার আবেদন খারিজ হলে আর কোনো আইনি প্রতিকার তার থাকবে না। সে ক্ষেত্রে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন তিনি করতে পারবেন। সেই আবেদন গৃহীত না হলে সরকারের নির্বাহী আদেশে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকর করবে।