English Version
আপডেট : ১৯ জুন, ২০১৬ ০১:৫৩

অভিযানে সন্ত্রাসী নয় নিরীহ জনগণ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অভিযানে সন্ত্রাসী নয় নিরীহ জনগণ গ্রেপ্তার

সাড়াঁশি অভিযানের নামে নিরীহ জনগণকে গ্রেপ্তার করা হচ্ছে। এ অভিযানে কোন সন্ত্রাসী ধরা পড়ে নাই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (১৮ জুন) রাজধানীর শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী জাপার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যা আমাদের জন্য লজ্জাকর। এক সময় শুনেছি ক্রসফায়ার। এখন বন্দুকযুদ্ধ। এটা কিসের আলামত। তারা কি মানুষ না! বিচার পাওয়ার অধিকার কি তাদের নাই? দেশে এত রক্তপাত, এরজন্য পরিবর্তন দরকার। মানুষও আজ পরিবর্তন চায়।

তিনি বলেন, পুরো রাজধানী জুড়ে আবর্জনা। এ যেন আবর্জনার শহর। পৃথিবী কোথাও এই দূরবস্থা নাই। এ থেকে মুক্তি পেতে হলে ঢাকাকে রাজধানীর বাইরে নিয়ে যেতে হবে।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, সুনীল শুভ রায়, নুরুল ইসলাম নুরু, শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবু, ৫৩ নং ওয়ার্ড হাজী নুর হোসেন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, কাউন্সিলন হেলেনা আক্তার, খালেদা আলম, নাজমা বেগম, জাপা নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, সুলতানা লিপি, শাহনাজ পারভীন, মোহাম্মদ স্বাধীন প্রমুখ।